হলান্ড কি তাহলে ২৬০ গোল করবেন

maya-kuthir
_আর্লিং হলান্ড।


আরও একবার আর্লিং হলান্ড! এ নিয়ে ৩ ম্যাচে ৫ গোল। চলতি বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় তাঁর ওপরে আছেন শুধু কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।

তাঁদের সঙ্গে হলান্ডের লড়াই চলবে। কারণ, গতকাল রাতেই যে হলান্ডের দল নরওয়ে আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে। আর এ ম্যাচে জয়সূচক গোলটিও এসেছে হলান্ডের কাছ থেকে।

আইভরিকোস্টের বিপক্ষে ৮৬ মিনিটে করা জয়সূচক গোলটি হয়তো হলান্ডের ক্যারিয়ারে অন্যতম সহজ গোলের একটি। প্যাট্রিক বার্গের পাসে তাঁর শুধু বলে পা লাগালেই হতো, সেটাই করেছেন। তবে এই সহজ গোলটিই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল।

আন্তর্জাতিক ফুটবলে হলান্ডের অনেক চোখধাঁধানো গোল আছে। মলদোভার বিপক্ষে একাই করেছেন ৫ গোল, এ ছাড়া রোমানিয়া, কাজাখস্তান ও জিব্রাল্টারের বিরুদ্ধে আছে হ্যাটট্রিক। আন্তর্জাতিক ফুটবলে হলান্ডের গোল ৫৩ ম্যাচে ৬০টি। গড়ে প্রতি ৭২ মিনিটে একটি করে গোল করেছেন। তবে প্রথম ৫৫টি গোলের একটিও কোনো বড় টুর্নামেন্টে আসেনি। কীভাবে করবেন! ইউরোতে খেলার সুযোগ মেলেনি। আর বিশ্বকাপে তো খেলছেন এবারই প্রথম।

maya-kuthir
_গোলের পর হলান্ডের উদ্‌যাপন।


হলান্ড নরওয়ের হয়ে সর্বশেষ ১৩টি প্রতিযোগিতামূলক ম্যাচের প্রতিটিতে গোল করেছেন। এ সময়ে তাঁর মোট গোলসংখ্যা ২৫টি। হ্যাঁ, এর মধ্যে মলদোভা, ইসরায়েল ও এস্তোনিয়ার মতো দুর্বল দলের বিপক্ষে গোল রয়েছে।

তবে ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচেও হলান্ড দুটি গোল করেছিলেন। সেই জয়ের মাধ্যমেই নরওয়ে ২০০০ সালে ইউরোর পর এবারের বিশ্বকাপ দিয়ে প্রথম কোনো বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে।

এরপর বিশ্বকাপে তিনি ইরাকের প্রতিরোধ ভাঙতে দুটি গোল করেন। সেনেগালের বিপক্ষে ম্যাচ জেতাতেও দুটি গোল করেন। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ফলে তাঁর সঙ্গে এমবাপ্পের বহুল প্রতীক্ষিত লড়াইটি আর হয়নি। আর গতকাল তো পেলেন জয়সূচক গোলই।

maya-kuthir
_নরওয়ের হয়ে কতটি গোল করতে পারেন হলান্ড।


সব মিলিয়ে ২৫ বছর বয়সী হলান্ড যে হারে গোল করে যাচ্ছেন, তাতে প্রশ্ন জাগে—নরওয়ের হয়ে কতটি গোল করতে পারেন? আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলতাদা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেই তুলনা দেওয়া যাক।

রোনালদো এ পর্যন্ত পর্তুগালের হয়ে ২৩১ ম্যাচে ১৪৫টি গোল করেছেন। অর্থাৎ, গড়ে প্রতি ১.৫৯ ম্যাচে তিনি একটি গোল করেন। অন্যদিকে হলান্ড ৫৩ ম্যাচে করেছেন ৬০ গোল। গড়ে ০.৮৮ ম্যাচে একটি করে গোল করেন। হলান্ড যদি এই গতিতে এগিয়ে যান, তবে ১২৮ নম্বর ম্যাচেই তিনি রোনালদোর বর্তমান রেকর্ড ছুঁয়ে ফেলবেন।

হলান্ডের নরওয়ে বছরে কতটি ম্যাচ খেলবে, সেটিও একটি প্রশ্ন। নরওয়ে যদি বছরে বাছাইপর্ব, প্রীতি ম্যাচ ও অন্য টুর্নামেন্ট মিলিয়ে প্রায় ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে, তবে ৩২ বছর বয়সেই রোনালদোর রেকর্ড ভাঙবেন হলান্ড।

ধরুন, ২০৪০ সাল পর্যন্ত নরওয়ে প্রতিটি বড় টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে আর হলান্ড সব ম্যাচেই খেলেছেন (এমনকি প্রতিবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও), তাহলে ৪১ (রোনালদোর বর্তমান বয়স) বছর বয়সে তাঁর আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়াবে ২৬০!


ভাবতে পারেন!




#প্রথম আলো

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনার মতামত আমাদেরকে সাহায্য করবে আরো সুন্দরভাবে আপনাদের সেবা দেওয়ার জন্যে ।

comment url